গণকন্ঠ প্রতিবেদক

মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি:

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০৪:০২ পিএম

অনলাইন সংস্করণ

#

রাজবাড়ীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

পাংশা উপজেলায় এক তরুণীকে বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আকাশ মণ্ডল (২৯) ও জামাল মণ্ডল (২২)-কে আটক করা হয়।


মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে প্রেমের সম্পর্ক ভেঙে গেলে, আকাশ মণ্ডল তাকে ফোন করে পাংশায় ডেকে এনে বিয়ের ব্যবস্থা দেওয়ার আশ্বাস দেয়। ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তরুণী বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আকাশ তাকে আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যায়, যেখানে আগে থেকে জামাল মণ্ডল অবস্থান করছিল।


পুলিশের বরাত অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে তারা খুনের ভয় দেখিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকার স্বর্ণের দুল, নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিং থেকে ৩ হাজার ৪০০ টাকা নেওয়া হয়।


পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আকাশ মণ্ডলের নামে পাংশা থানায় ৬টি মামলা এবং জামাল মণ্ডলের নামে অস্ত্র ও দস্যুতাসহ মোট ৪টি মামলা রয়েছে।


ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরে বসবাস করছেন।