প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
সদ্যসাবেক অন্তর্বর্তী
সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব
ভূঁইয়া বুধবার নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন। সোমবার
(৩ মার্চ) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তাঁর
ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার
জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে
এসেছি।’
এর আগে, বিকেলে
বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে
আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য
নথিভুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেয়।
উপদেষ্টা থাকাকালে ক্ষমতার
অপব্যবহার ও বিলাসী জীবনযাপনের অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। এছাড়া কুমিল্লার
মুরাদনগরে নির্বাচনকে কেন্দ্র করে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের
মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ২০২৫
সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-১০ আসন থেকে
প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে তিনি
এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।