গণকন্ঠ প্রতিবেদক

খন্দকার নিরব, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২০ পিএম

অনলাইন সংস্করণ

#

মুক্তিযুদ্ধের বীরের হাতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, উচ্ছ্বসিত ভোলা

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর এবং ভোলা-৩ আসন থেকে সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। এ উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে ও ভোলা জেলায় আনন্দের আবহ বিরাজ করছে।

মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা মেজর হাফিজ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। এক সময়ের তারকা ফুটবলার হিসেবে পরিচিত এই নেতা অতীতে পানি সম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। এর মাধ্যমে তিনি সপ্তমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাঈম ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।


মন্ত্রীত্ব পাওয়ায় তার সংসদীয় আসন তজুমদ্দিন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানিয়ে এবং মেজর হাফিজকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করেন।


স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মেজর হাফিজের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ভোলা-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।