গণকন্ঠ প্রতিবেদক

আনাছুল হক, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০১:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

#

সেহরির আগে ঈদগাঁওয়ে সশস্ত্র ডাকাতি, বসতঘর থেকে লক্ষাধিক টাকা-স্বর্ণালংকার লুট

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এলাকায় ভোররাতে এক বসতঘরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়ন-এর লালশরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদল নগদ ৫ লাখ ৩২ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, লালশরী পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের সেহরি শেষ করে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। আজানের আগমুহূর্তে একদল সশস্ত্র ব্যক্তি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয়।


পরিবারের দাবি, ডাকাতরা পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে পরিবারটি চরম আতঙ্কে রয়েছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈদগাঁও থানা সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মজুমদার বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।