গণকন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৫ পিএম

অনলাইন সংস্করণ

#

১ টাকায় ইফতার বিতরণ: কলাপাড়ায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের পাশে ‘আমরা কলাপাড়াবাসী’

ছবি: সংগৃহীত

কলাপাড়া উপজেলায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে মাত্র ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’।


 বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় পৌর শহরের মনোহরি পট্টি এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটির উদ্যোগে প্রত্যেক উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয় ছোলা-বুট, মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনি, চপ ও জিলাপি সমৃদ্ধ ইফতার প্যাকেট। সামান্য ১ টাকার বিনিময়ে এমন আয়োজন পেয়ে খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। তারা জানান, পুরো রমজান মাসজুড়ে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


সংগঠনের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের কার্যক্রম সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।