গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

#

১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন চৌধুরী

ছবি: সংগৃহীত

২০২৫ সালের আগস্টে ব্যাংকক থেকে ঢাকা ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তখন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

অভিযোগে বলা হয়, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেয়।


পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।


রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেহজাবীন এসব অভিযোগ নাকচ করে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হচ্ছে।


মেহজাবীন জানান, ‘আমি কিছুদিন ধরে দেখছি বিভিন্নভাবে আমাকে উদ্দেশ্য করে অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা জানেন, এর আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানি করা হয়েছিল। পরে বিজ্ঞ আদালত আমাকে সেই মামলা থেকে অব্যাহতি দেন এবং সত্য প্রমাণিত হয়।’


তিনি আরও বলেন, ‘আমি যখন নতুন উদ্যমে কাজে ফিরেছি, তখনই আবার আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।’

এ সময় প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে শিল্পীদের বিব্রত করা হচ্ছে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


সবশেষে মেহজাবীন স্পষ্ট করেন, তিনি নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তাঁর পেশাগত সাফল্য নিয়েই আলোচনা হোক, কোনো বিতর্ক নয়।