নারায়ন চন্দ্র রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেছেন, “অক্টোবর মাসের ১০ তারিখ থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রায় ১৫০ দিন ধরে মাঠ প্রর্যায়ে নিরলস নির্বাচনী কার্যক্রমে ছিলাম। তারপরেও আমি সবার কাছে পৌঁছাতে পারি নি।”
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খানসামা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সাফল্য কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচনের পর বদলে গেছে দায়িত্বের পরিধি
সংসদ সদস্য বলেন, “এখন এমপি নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের নানা চাহিদা আমাদের প্রতিষ্ঠানে আসছে। প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড আজ আমাদেরকে ঘিরেই আবর্তিত হচ্ছে। ফলে আগের মতো করে সময় দেওয়া সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে একমাত্র কাজ ছিল আপনাদের দ্বারে দ্বারে যাওয়া। এখন দায়িত্ব বেড়েছে, প্রত্যাশাও বেড়েছে।”
উন্নয়ন দাবি: রাস্তা, ব্রিজ ও হাসপাতাল
এমপি আখতারুজ্জামান মিয়া বলেন, এলাকার মানুষের এখন নানা চাওয়া-পাওয়া রয়েছে। “কেউ রাস্তা চান, কেউ ব্রিজ চান, কেউ শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন চান। ইতোমধ্যে সংসদ থেকে ৭১ বিধির প্রশ্নোত্তর পর্বের কাগজপত্র আমাদের কাছে এসেছে।”
তিনি জানান, গতবার খানসামায় আত্রাই নদীর ওপর ব্রিজের দাবি তোলা হয়েছিল। এবার জয়ন্তিয়া ঘাটের বিদ্যমান ব্রিজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। “মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, জয়ন্তিয়া ঘাটের ব্রিজটি যেন ছয় মাসের মধ্যে সম্পন্ন করা হয়,”—বলেন তিনি।
হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনের আশ্বাস
খানসামা হাসপাতালের অগ্রগতির কথাও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি জানান, হাসপাতালের কাজ অনেকটাই এগিয়েছে। শিগগিরই ঢাকায় গিয়ে সংশ্লিষ্ট মহাপরিচালক ও মন্ত্রীর সঙ্গে আলোচনা করে চিকিৎসক নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে। “ছয় মাসের মধ্যেই এখানে ডাক্তার আসবে,”—আশ্বাস দেন তিনি।
দলের শীর্ষ নেতৃত্বের প্রতি প্রস্তাব
তিনি বলেন, “আমার প্রিয় শিক্ষক ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে প্রথম প্রস্তাব থাকবে—জয়ন্তিয়া ঘাটের ব্রিজটি ছয় মাসের মধ্যে সম্পন্ন করা।”
আয়োজক ও উপস্থিতি
আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, খামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, শরিফুল ইসলাম প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।