গণকন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৪ পিএম

অনলাইন সংস্করণ

#

১৮ মাস পর তারাকান্দায় ভাঙা আ’লীগ কার্যালয়ে ফের স্লোগান-পতাকা

ছবি: গণকন্ঠ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর ভাঙা ও অগ্নিদগ্ধ দলীয় কার্যালয় প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় চালুর লক্ষ্যে স্লোগান ও দলীয় পতাকা প্রদর্শন করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সেহরি শেষে আনুমানিক সকাল ৫টা ৪৫ মিনিটে রাতের আধারে কার্যালয়টিতে ঝটিকা স্লোগান দেন তারা। এ সময় দলীয় পতাকা উত্তোলন করে স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করেন নেতাকর্মীরা।


ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিমন দেবনাথ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল হাসান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক রুমন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙা ভবনটিতে সংক্ষিপ্ত স্লোগান ও পতাকা প্রদর্শনের পর নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয় পুনরায় চালুর ঘোষণার প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


আয়োজকদের দাবি, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি তফাজ্জল হোসেন রনোর নির্দেশনায় কার্যালয়টি পুনরায় চালুর প্রাথমিক কার্যক্রম হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।


এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. তানভীর আহম্মেদ বলেন, গভীর রাতে স্বল্প সময়ের জন্য ভাঙা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা আকস্মিকভাবে স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।