গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

#

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে

২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক সুবিধাবাদী মামলা করে হাজার হাজার আসামি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত, হাজার হাজার আসামি করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে। এমন কিছু মামলা আমাদের নজরে এসেছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এ ধরনের মামলা করেছে। এগুলো যাচাই-বাছাই করে আমরা শনাক্ত করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে।”

মামলা প্রত্যাহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রত্যাহার করা মামলার মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মামলা তো আছেই।”

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “এটির যাতে অপব্যবহার না হয়, তা যাচাই-বাছাই করে কী করা যায়, তা দেখব।”