গণকন্ঠ প্রতিবেদক

মোঃ জনি মন্ডল, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

#

আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ চিকিৎসক যোগদান, স্বাস্থ্যসেবায় নতুন গতি

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটাতে ৫০ শয্যাবিশিষ্ট আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৭ জন চিকিৎসক যোগদান করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল আলমের নিকট তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র হস্তান্তর করেন।

যোগদানকারী চিকিৎসকরা হলেন— সহকারী সার্জন (সার্জারি) ডাঃ ইয়াসমিন আক্তার, সহকারী সার্জন (মেডিসিন) ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী সার্জন (গাইনি অ্যান্ড অবস) ডাঃ মোঃ মনির হোসেন জীবন, সহকারী সার্জন ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, সহকারী সার্জন (অফথালমোলজি) ডাঃ মোঃ শাহরিয়ার কবির, সহকারী সার্জন (পেডিয়াট্রিক্স) ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ আফিয়া আদিলা খান পুষ্প।


এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নতুন চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। তিনি বলেন, একদিনে ৭ জন চিকিৎসকের যোগদান এ স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে দীর্ঘদিনের জনবল সংকট অনেকটাই দূর হবে এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধি পাবে।


উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটের কারণে এ হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে সার্জারি, মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু ও জরুরি বিভাগে সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, চিকিৎসকদের এ যোগদানের মাধ্যমে আত্রাই উপজেলার সাধারণ মানুষ এখন থেকে আরও উন্নত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পাবেন।