গণকন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

#

আওয়ামী লীগের কার্যক্রম বিএনপি নিষিদ্ধ করে নাই- এমপি এবিএম মোশাররফ হোসেন

ছবি : সংগৃহীত

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ মাদক টোটাল সমাজকে শেষ করে দিচ্ছে। চোখ বন্ধ করে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন। যেই কুতুব-ই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না।’ আজ বুধবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘পায়রায়’ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পুলিশ ও উপজেলা প্রশাসন কে মাদকমুক্ত সমাজ গড়তে এমন নির্দেশনা দেন। কলাপাড়া উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। 

এ সভায় এবিএম মোশাররফ হোসেন এমপি আরো বলেন, ‘ আমি আপনাদের মোশাররফ। এক সাথে মিলেমিশে কাজ করতে চাই। একটি উন্নত সমৃদ্ধ কলাপাড়া গড়তে আপনাদের সহায়তা দরকার।’

তিনি আরো বলেন, ‘ আওয়ামী লীগের কার্যক্রম বিএনপি নিষিদ্ধ করে নাই। ইউনুস সরকার করেছে। তিনি জামায়াতের নেতার বক্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘ বিরোধী দলের ইতিহাস আমাদের জন্য কখনো সুখের ছিল না। তবে এখন মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, সবার আগে বাংলাদেশ। যে যার মত প্রকাশ করবে। সেখানে কোন প্রতিবন্ধকতা থাকবে না।’

উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এ সভায় সভাপতিত্ব করেন। তিনি স্বাগত বক্তব্য রাখেন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম, মহিপুর থানার ওসি মো. মহব্বত খান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা আমীর মোহাম্মদ আব্দুল কাইউম,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান, আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, গণঅধিকার পরিষদ কলাপাড়া আহ্বায়ক আব্দুস সালাম হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিপির সহকারী পরিচালক মো আসাদুজ্জামান খান। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।