গণকন্ঠ প্রতিবেদক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৩:০০ পিএম

অনলাইন সংস্করণ

#

বাহুবলে ইউএনও-এসিল্যান্ড একযোগে বদলী: শূন্যতায় সেবায় প্রভাবের শঙ্কা

ছবি সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম-এর বদলির আদেশ জারি হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকার প্রেক্ষাপটে একযোগে দুই শীর্ষ কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে প্রশাসনিক কার্যক্রমে সাময়িক বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ মার্চ সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালমা রুমাইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও লিটন চন্দ্র দে-কে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

একই তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।


তবে ৩ মার্চ পর্যন্ত ইউএনও লিটন চন্দ্র দে নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম মঙ্গলবার (৩ মার্চ) তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে উপজেলা ভূমি অফিস সূত্র নিশ্চিত করেছে।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইউএনও লিটন চন্দ্র দে বলেন, “এ বদলির আদেশ প্রশাসনিক রুটিন প্রক্রিয়ার অংশ।”


এদিকে বদলির প্রাক্কালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম ২ মার্চ তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি বাহুবলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন, কর্মকালীন সময়ে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন এবং উপজেলার মানুষের সহযোগিতা কখনও ভুলবেন না।


উপজেলাবাসী আশা করছেন, দ্রুত নতুন কর্মকর্তাদের পদায়ন ও দায়িত্ব গ্রহণ নিশ্চিত হলে প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে।