বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বগুড়া সদরের ফুলবাড়ি মধ্যপাড়ায় অবস্থিত “সারাবেলা লাচ্ছা সেমাই” কারখানায় যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন ও র্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানায় উৎপাদিত সেমাই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মোড়কজাত করতে দেখা যায়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই তৈরি ও সংরক্ষণ, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহার, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি উপকরণ ব্যবহার না করা, কোনো প্রকার মানসনদ গ্রহণ ছাড়াই অনিবন্ধিত অবস্থায় উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। পাশাপাশি অননুমোদিত রাসায়নিক রং মিশ্রিত আনুমানিক ২৪০ কেজি সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।