বগুড়া প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলা জুড়ে কৃষিজমির উর্বর উপরিভাগ কেটে মাটি বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
সোমবার উপজেলার মাদলা ইউনিয়ন, আড়িয়া ইউনিয়ন ও খরনা ইউনিয়ন এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদলা ইউনিয়নের একটি স্থানে অবৈধভাবে মাটি কাটার সুস্পষ্ট আলামত পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় জড়িতদের শনাক্ত করে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। তিনি বলেন, কৃষিজমির উপরিভাগ কেটে মাটি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হয়, কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।