মোঃ মনজুরুল ইসলাম শিহাব, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
নাঙ্গলকোট উপজেলার হেসাখাল খামারপাড়া মজুমদার বাড়ির জামে মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুল আলিম ভূইয়া দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি হেসাখাল বাজার ভোটকেন্দ্রে মহিলা বুথে দাঁড়িপাল্লার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপরই তাকে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, তিনি প্রায় পাঁচ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদারের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন সেলিম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে এককভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির এস এম মহিউদ্দিন বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা চাই সম্মানের সঙ্গে ইমামকে পুনর্বহাল করা হোক।”
কুমিল্লা-১০ আসনে জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী ছিলেন মাওলানা ইয়াছিন আরাফাত। তিনি বলেন, “আলেম-ওলামারা জাতির পথপ্রদর্শক। তাদের প্রতি কোনো ধরনের হয়রানি গ্রহণযোগ্য নয়।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।