গণকন্ঠ প্রতিবেদক

প্রণয় জ্যোতি দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি।

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

#

বিলাইছড়িতে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন

ছবি; গণকন্ঠ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দিনব্যাপী এক বিশেষ কারিগরি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স ইন সিএইচটি (BERCR-CHT)’ প্রকল্পের আওতায় স্থানীয় সংরক্ষণ দলের সদস্যদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।


​গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিলাইছড়ি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালাটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়।


​কর্মশালায় অংশগ্রহণকারীদের জীববৈচিত্র্য সংরক্ষণের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। 


বিশেষ করে পার্বত্য অঞ্চলের বিপন্ন বাস্তুসংস্থান পুনরুদ্ধার, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল জীবিকায়ন নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।


​প্রশিক্ষণ সেশনে গুরুত্বপূর্ণ কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন প্রকল্পের বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর মিঠুন মারমা, আলীখীয়ং রেঞ্জ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এবং বিলাইছড়ি উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডি. কৃষিবিদ সুমন গুপ্ত।


​বক্তারা তাদের আলোচনায় পার্বত্য চট্টগ্রামে ক্রমাগত বন উজাড় রোধ এবং বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 


স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে স্থানীয় সংরক্ষক দলের বর্তমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা হয় এবং তা মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।


​আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখা। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কেবল দুর্গম পাহাড়ী অঞ্চলের বন ও বন্যপ্রাণী রক্ষা করা সম্ভব। 


প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ এলাকায় জীববৈচিত্র্য রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।