গণকণ্ঠ ডেস্ক

সাব্বির, গাজীপুর প্রতিনিধি।

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৪৫ এএম

অনলাইন সংস্করণ

#

বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি; গণকন্ঠ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টাকালে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে হেফাজতে নেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।


​গ্রেপ্তার বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার মোল্লা বাড়ির মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি এলাকায় যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন মোল্লা ছদ্মবেশে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তবে আগে থেকেই তার ওপর গোয়েন্দা নজরদারি ছিল। 


সোমবার দুপুরে তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে জিএমপিকে অবহিত করেন। পরে জিএমপির একটি বিশেষ দল বিমানবন্দর থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়।

​বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলসহ গুরুতর একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলাতেও তাকে অন্যতম আসামি করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, আইনি প্রক্রিয়া এড়াতেই তিনি গোপনে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন।


​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী এলাকায় একক আধিপত্য বিস্তার করেছিলেন। তার নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের জমি দখল ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে। তার ভয়ে এতদিন কেউ মুখ খুলতে সাহস না পেলেও, গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, "বিল্লাল হোসেন মোল্লা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমরা সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি অবহিত করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।"


​বর্তমানে তাকে নিয়ে আরও কোনো সহযোগী বা অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান চালানো হতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।