স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর

ছবি : সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেট যখন বিসিএলের ওয়ানডে আসর নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছে নতুন দায়িত্ব বণ্টন। সাম্প্রতিক এক অনলাইন সভায় বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর।

এর আগে এই দায়িত্বে ছিলেন ইশতিয়াক সাদেক। তিনি পরিচালক পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়। ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় আসিফকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। তার ভাষ্য ছিল, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্ট বিভাগের কাজ যথাযথভাবে সামলাতে পারছিলেন না। যদিও তার পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিসিবি।

উল্লেখ্য, পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর আসিফ আগে থেকেই বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে ছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন তার দায়িত্বের পরিধি আরও বাড়ল।