তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টালবাহানা- শেষমেশ অধিকার আদায়ে প্রেমিকের কর্মস্থলেই হাজির হলেন ৩২ বছর বয়সী এক নারী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অভিযুক্ত ফিরোজ হোসেন ওই অফিসের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ)। জানা গেছে, ওই নারীর বাড়ির সামনে ভাড়াটিয়া থাকার সুবাদে দীর্ঘদিনের প্রেম তাদের। নারীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক করলেও এখন সটকে পড়ছেন ফিরোজ। এর আগে বিয়ের দাবিতে বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন এই নারী।
মঙ্গলবার সকালে ফিরোজ অফিসে আসতেই তাকে জাপটে ধরেন ওই নারী। হট্টগোল শুরু হলে পুলিশ ডেকে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে অফিসের গেটে আমরণ অনশন করছেন তিনি। তার সাফ কথা— বিয়ে না করলে এখানেই জীবন দেব।"
অভিযুক্ত ফিরোজ বিষয়টি অস্বীকার করলেও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।