ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো. রায়হান তালুকদার, ডা. মো. জুবায়ের আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমান ভূইয়া, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন ও কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে শহরের কুমাড়শীল মোড়ে অবস্থিত আলিফ জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, নাজ মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা, পুরাতন জেল রোডে অবস্থিত আয়াত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা এবং টেংকের পাড় এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশ, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, ওটি ইনচার্জের অনুপস্থিতি, ল্যাব ও এক্স-রে টেকনিশিয়ান ছাড়া পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা এবং সেবায় নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অসঙ্গতির কারণে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে অবৈধ ক্লিনিক ও অযোগ্য চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে বিষয়টি অবগত হয়ে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।