প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অনিয়ম রোধে নেওয়া উদ্যোগে ব্যাপক সাড়া পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি চালু করা হটলাইন ও ওয়েবসাইটে মাত্র পাঁচ দিনেই ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি অসংখ্য ফোনকলও এসেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী এ তথ্য জানান। তিনি লিখেছেন, অল্প সময়ের মধ্যেই এত অভিযোগ পাওয়া প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায়। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
একই পোস্টে তিনি অপ্রয়োজনে হটলাইনে ফোন না করার অনুরোধ জানান। দ্রুত ও কার্যকর সমাধানের স্বার্থে ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
এর আগে ১৯ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি চাঁদাবাজি ও অনিয়মমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালুর ঘোষণা দেন। অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য এবং বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।