রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি।
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
চরভাগা পেদাকান্দি এলাকায় দুধ মাপার পাল্লা ও পারিবারিক কলহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে ভেদরগঞ্জ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মোতালেব পেদা (৮০), মোশারফ পেদা (৭৫), সনিয়া আক্তার (৪০), এসকান্তর পেদা, আমজাদ পেদা (৬০), মনির হোসেন পেদা (৫০) ও সোহাগ পেদা। তাদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ভেদরগঞ্জে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী বাবুল পেদা জানান, পারিবারিক বিষয় ও দুধ মাপার পাল্লা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।
ভুক্তভোগী মোতালেব পেদা অভিযোগ করে বলেন, “আমরা কোনো ঝামেলা করতে চাইনি। দুধের পাল্লা নিয়ে কথা কাটাকাটির সময় হঠাৎ করে আমজাদ পেদার লোকজন আমাদের ওপর হামলা করে। আমি বৃদ্ধ মানুষ, আমাকে মারধর করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
অন্য পক্ষের শাহাজালাল পেদা দাবি করেন, তাদের বাড়ির সামনে দুধ মাপা নিয়ে মতালেব পেদার ছোট ভাইয়ের সঙ্গে তার বাবার তর্ক হয়। একপর্যায়ে মতালেব পেদার পক্ষ থেকেই হামলা করা হয়। বর্তমানে তাদের পরিবারের তিনজন ভেদরগঞ্জ ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।