প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পৌর সদরের পাটোয়ারী পাড়া এলাকার বাসিন্দা মোঃ আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) ও তার সাত বছর বয়সী মেয়ে মুনতাহা। গুরুতর আহত হয়েছে তার অপর মেয়ে মুবাশ্বিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাদের পরিবহনের একটি যাত্রীবাহী বাস দেবীগঞ্জ থেকে রওনা দেয়। একই সময়ে মমতা বেগম তার যমজ দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাবার বাড়ি সোনাহার ইউনিয়ন থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার ভাগ্নে মনিরুল ইসলাম। নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।সংঘর্ষে মমতা বেগম ও তার এক মেয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি সোনাহার বাজার এলাকায় আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশ বাস ও চালককে থানা হেফাজতে নেয়।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও সড়কে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।