গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

#

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, প্রক্টর অফিস ঘেরাও ডাকসুর

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর পোস্টার দেখা যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ডাকসু নেতাকর্মীরা।

তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।


প্রক্টর জানান, বিষয়টি জানামাত্রই নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দারোয়ানদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এস্টেট অফিসকে বলা হয়েছে। চারুকলা, কার্জন হল ও কলাভবনসহ বিভিন্ন স্থানে কীভাবে পোস্টার লাগানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের অভিযোগ করেন, প্রশাসনের অবহেলার কারণেই নিষিদ্ধ সংগঠনটি পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।