ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন-২) এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
আগামীকাল সোমবার পর্যন্ত বাছাইপর্ব চলবে। আগামী ৪ মার্চ চূড়ান্ত প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে। প্রথম দিনের প্রাথমিক বাছাইপর্ব সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
প্রতিযোগিতার উদ্বোধন শেষে রাকিবুল ইসলাম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল তারই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের কাজ শুরু করেছিল।’
উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।