প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
যানবাহনের অতিরিক্ত চাপের কারণে নারায়ণগঞ্জ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিক থেকে এই যানজট শুরু হয়।
জানা গেছে, নির্বাচনের ছুটি শেষ হওয়ার পর শিল্পকারখানা খুলে যাওয়ায় এবং পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় হঠাৎ করেই ট্রাকের সংখ্যা বেড়ে যায়। একই সঙ্গে মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ অতিরিক্ত ক্ষতিগ্রস্ত থাকায় ট্রাকগুলো ধীরগতিতে চলাচল করছে। এর ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকরা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জানান, যানবাহনের বাড়তি চাপের কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সংস্কার কাজ চলমান থাকায় সেখানে ধীরগতিতে যান চলাচল করছে, যার প্রভাব মহাসড়কেও পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।