প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
খোঁজ নিয়ে জানা যায়, রবিবার (২ মার্চ) মধ্যরাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে ধীরগতির সৃষ্টি হয়ে যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কের বিস্তীর্ণ এলাকায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানজট সোনারগাঁ অংশ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।
ঢাকাগামী ট্রাকচালক আসাদ মিয়া জানান, সকাল ৮টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পরও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, ‘লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। আজকের মধ্যেই কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।’
যাত্রীরা জানান, দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তারা দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারকাজ শেষ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করবে এমন প্রত্যাশা তাদের।