গণকন্ঠ প্রতিবেদক

তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

#

ধর্ম অবমাননার অভিযোগে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের পুনর্বাসনে সরকারি উদ্যোগ

ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের পুনর্বাসনে সরকারি পর্যায়ে গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহতের নিজস্ব জমিতে আনুমানিক ২৫ লাখ টাকা ব্যয়ে একটি পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি পরিবারের জন্য পৃথকভাবে ২৫ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট (এফডিআর) প্রদান করা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ভালুকা এলাকায় সংঘটিত এক নৃশংস ঘটনায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর সরকার দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ও বাসস্থানের ব্যবস্থা করার ঘোষণা দেয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে তারাকান্দা এলাকায় নিহতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সদ্য বিদায়ী উপদেষ্টা সি আর আবরার।


এদিকে বিদায়ী প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গৃহনির্মাণের জন্য ২৫ (পঁচিশ) লাখ টাকা অনুদান অনুমোদন দেওয়া হয়েছে। গণপূর্ত উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহতের বাস্তুভিটায় নির্ধারিত বাজেটের মধ্যে একটি পাকা বাড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।


উপজেলা প্রশাসন ও প্রকৌশল কার্যালয়ের তত্ত্বাবধানে জমি পরিমাপ ও নকশা প্রণয়নের কাজ বর্তমানে চলমান রয়েছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।