গণকন্ঠ প্রতিবেদক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৮ পিএম

অনলাইন সংস্করণ

#

ডিমলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের সফল অভিযান

ছবি: সংগৃহীত

আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টা ১৫ মিনিট থেকে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন ও খালিশাচাপানি ইউনিয়ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে এক বিশাল টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে টেপাখড়িবাড়ি ইউনিয়নে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা ও ৬টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।


অপরদিকে খালিশাচাপানি ইউনিয়নে অবৈধ উত্তোলনে ব্যবহৃত ৫টি শক্তিশালী সিক্স-সিলিন্ডার মেশিন বিনষ্ট করা হয়।

অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির।


নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর ৬২ জন সদস্য ও বাংলাদেশ পুলিশ এর একটি চৌকস দল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।