অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ , ১১:৫৩ এএম

অনলাইন সংস্করণ

#

গাজায় প্রায় ৩ লাখ বাড়ি ধ্বংস, শীতে তাঁবুই ভরসা


ইসরাইলের দুই বছরের যুদ্ধে গাজায় দুই লাখ ৮২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে।



সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই পরিসংখ্যান শেল্টার ক্লাস্টার নামে একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে পাওয়া গেছে। এটি ইউএনআরডব্লিউএ ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের যৌথ ব্যবস্থাপনা পরিচালিত হয়ে থাকে।



ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শীত ঘনিয়ে আসার মধ্যেও হাজার হাজার ফিলিস্তিনি পরিবার তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছে। তাদের অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকতে হচ্ছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার পাশাপাশি মৌলিক নানা বিষয়ও নিশ্চিত করতে লড়াই করতে হচ্ছে তাদের।


গত ১০ অক্টোবর থেকে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কিন্তু ইসরাইল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। যার ফলে ফিলিস্তিনিদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ইসরাইলি বাহিনী গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ সীমিত করছে।


উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় ৬৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ। ইসরাইলি বাহিনীর অব্যাহত আক্রমণে গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।


সূত্র : আনাদোলু অ্যাজেন্সি