গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
গাজীপুর সদর উপজেলায় তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর মাহবুব (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে অগ্নিদগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভবানীপুর এলাকার খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসা সংলগ্ন একটি লিচুবাগান থেকে পুলিশ এই মরদেহটি উদ্ধার করে।
নিহত মাহবুবের পরিবার ভবানীপুর এলাকায় জনৈক মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থাকত। তার বাবা সোহাগ স্থানীয় একটি কারখানার শ্রমিক। মাহবুব ওই মাদ্রাসার নাজেরানা বিভাগের ছাত্র ছিল। তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লিচুবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় এক কিশোরের ঝলসানো মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পরিবারকে খবর দেয়। স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করার পর পুলিশে সংবাদ দেওয়া হয়।
শোকাহত বাবা সোহাগ জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল মাহবুব। রাত ৯টার পরেও সে ফিরে না আসায় চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। সারারাত সন্ধান না মেলায় উৎকণ্ঠায় ছিলেন তারা। সকালে স্থানীয়দের মাধ্যমে ঝোপের ভেতর ছেলের পুড়ন্ত লাশের খবর পান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যার পর আলামত নষ্ট করতে শরীরে আগুন ধরিয়ে দিয়েছে।
এ হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।