গণকন্ঠ প্রতিবেদক

রাহাত শেখ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

#

গাজীপুরে র‍্যাবের অভিযানে ২০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি: সংগৃহীত

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি)। উদ্ধারকৃত ২০ হাজার ৬০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা।

র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাজীপুরের গাছা থানাধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় মাদক কেনাবেচা চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিষয়টি নিশ্চিত হয়ে র‍্যাব-১-এর একটি আভিযানিক দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খ্রীষ্টিয়ান ডিসাইপ্লশীপ সেন্টার (সিডিসি)-এর সামনে অবস্থান নেয়। পরে দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ পিয়ারু (৩৪)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার আজিমপুর গ্রামের নুরুল আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি টাচস্ক্রিন মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ারু স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।


র‍্যাব জানায়, তার এ কর্মকাণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১০(গ)/৪১ ধারার পরিপন্থী। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব-১-এর লেফটেন্যান্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।