গাজীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
গাজীপুরের সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকার একটি শালবন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বি কে বাড়ি সংলগ্ন বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশের বন থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল কিশোর ওই বনের ভেতরে টিকটক ভিডিও ধারণ করতে গেলে তীব্র দুর্গন্ধ পায়। কৌতূহলবশত তারা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বনের নির্জন স্থানে মাটিচাপা দেওয়া একটি লাশের অংশ বিশেষ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, "মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় এটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করার পর অপরাধীরা তথ্য গোপন করতে নির্জন বনের ভেতরে মাটিচাপা দিয়ে রেখেছিল।"
ঘটনার গুরুত্ব বিবেচনায় থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও ডিএনএ নমুনার সহায়তা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এবং এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে জোর তৎপরতা চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।