সাকিব হাসান নাইম, দিনাজপুর, ঘোড়াঘাট
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে নূরপুর সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসা।
উপজেলায় মোট বৃত্তিপ্রাপ্ত আটজন শিক্ষার্থীর সবাই এ মাদ্রাসার শিক্ষার্থী যা স্থানীয়ভাবে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের মধ্যে ছয়জন ট্যালেন্টপুলে এবং দুজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মগলিশপুর গ্রামের মোঃ আশিদুল ইসলামের ছেলে মোঃ মিনারুল ইসলাম, কুমারপুর গ্রামের আব্দুল ওয়াকিলের ছেলে আব্দুল রহমান, নিজ গ্রামের আব্দুল হালিমের ছেলে মোঃ তাওহিদুল ইসলাম, রামপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের মেয়ে মোছাঃ তাসলিমা খাতুন, বিন্যাগাড়ি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মোছাঃ সুমাইয়া খাতুন, জয়রামপুর গ্রামের মোঃ আবুল কালামের মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন, সালিশপুর গ্রামের মোঃ দিলওয়ারের মেয়ে মোছাঃ সান্নিয়া জান্নাত এবং রাগবেন্দুপুর গ্রামের মোঃ একরামুল হকের মেয়ে তাবাসসুম খাতুন।
বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠানটি আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থায় পাঠদান করে এবং রয়েছে ডে-কেয়ার সুবিধা। এখানে বালক ও বালিকা দুই শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিভাগসমূহের মধ্যে রয়েছে নূরানী (প্লে থেকে পঞ্চম শ্রেণি), নাযেরা, হিফয, কিতাব (তৃতীয় থেকে দশম শ্রেণি) এবং পর্যায়ক্রমে কুল্লিয়া (দাওরায়ে হাদিস)।
মাদ্রাসার অধ্যক্ষ শাইখ আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ বজলুর রশিদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ ডা. আবু বক্কর সিদ্দিক ও মোঃ জাকিয়া মন্ডল। সেক্রেটারির দায়িত্বে আছেন মুজাহিদুল ইসলাম এবং সহ-সেক্রেটারি সাহা আলম (অবসরপ্রাপ্ত আর্মী)। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও শিক্ষার্থীদের একাগ্র অধ্যবসায়ের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।