আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

হামলা থামাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মস্কোর আহ্বান

ছবি সংগৃহীত

ইরানের ভূখণ্ডে চলমান সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্ট করেছে, বর্তমান উত্তেজনা আরও বাড়ানোর পরিবর্তে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসা। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো এ ধরনের ‘অবিবেচক পদক্ষেপের’ নিরপেক্ষ ও দ্রুত মূল্যায়ন করা। মস্কোর মতে, সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে, যার প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারেও পড়বে।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত। মস্কো মনে করছে, সংলাপের পথই একমাত্র টেকসই উপায়।


ইরান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি কটাক্ষ করে বলেন, তথাকথিত শান্তিরক্ষাকারী শক্তি আবারও তাদের প্রকৃত চেহারা দেখিয়েছে। তার ভাষ্য, ইরানের সঙ্গে যে আলোচনা চলছিল, তা মূলত একটি সাজানো প্রক্রিয়া ছিল এবং বাস্তবে কোনো সমঝোতার সদিচ্ছা ছিল না।


ঐতিহাসিক তুলনা টেনে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বয়স যেখানে ২৪৯ বছর, সেখানে পারস্য সভ্যতার ইতিহাস আড়াই হাজার বছরেরও বেশি পুরোনো। আগামী শতকে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের ভেতরে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানে ইরান। হামলা ও পাল্টা হামলার ধারাবাহিকতায় গোটা অঞ্চলে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ নিরাপত্তা শঙ্কায় তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।


বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি বাড়তে পারে।