গণকন্ঠ প্রতিবেদক

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন : ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা ২০ লাখ টাকা

ছবি; গণকন্ঠ

হবিগঞ্জ শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত আহসান কটন রিফাইনারি ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার তুলা ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে কারখানার ভেতরে হঠাৎ আগুন লাগে।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

‎খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

‎হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, “আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।”

‎কারখানা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগুনে মজুত তুলা, কাঁচামাল ও বিভিন্ন উৎপাদনযন্ত্র পুড়ে গেছে। ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে।