জামালপুর সদর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
জামালপুরে স্বনামধন্য রংধনু ও তাজসহ চারটি ইফতার সামগ্রীর দোকানে অভিযান চালিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি২০২৬) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারশাল হোসেন অভি যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
শহরের তলমালতলা মোড় থেকে খাদ্যে ভেজালবিরোধী অভিযান শুরু হয়। অভিযানের সময় তমালতলা এলাকার তাজ ক্যাফে, রংধনু রেস্টুরেন্টসহ বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পরীক্ষা করা হয়।
পরিদর্শন শেষে তাজ ক্যাফে ও রংধনু রেস্টুরেন্টের রান্নাঘরে বেগুনি তৈরির বেগুনে পোকা পাওয়ায় তাজ ক্যাফেকে ২০ হাজার টাকা এবং রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে শহরের ফৌজদারি মোড়ে দুটি অস্থায়ী ইফতার সামগ্রীর দোকানে খাবার ঢেকে না রাখার দায়ে প্রত্যেক দোকান মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও অস্থায়ী দুধের বাজার পরিদর্শন করে দুধ পরীক্ষা করা হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।