Minur Joy
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার আনুষ্ঠানিকভাবে দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। নতুন লোগোতেও থাকছে ঐতিহ্যবাহী প্রতীক দাঁড়িপাল্লা, তবে এর রঙ ও নকশায় আসতে পারে ভিন্নতা।
দলীয় নেতারা জানিয়েছেন, নতুন ডিজাইনে জাতীয় পতাকার আদল ব্যবহার করার চেষ্টা চলছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাতে গেলে একটি ছবিতে সম্ভাব্য নতুন লোগো ধরা পড়ে। সেই ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “আমাদের লোগো পরিবর্তনের কাজ চলছে। আমিরের নির্দেশে কয়েকটি ডিজাইন তৈরি করা হয়েছে। তবে কোনটি চূড়ান্ত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। আজ যে লোগোটি প্রকাশিত হয়েছে, সেটি আসলে ভুলবশত বাইরে এসেছে।”
তিনি আরও জানান, জামায়াতের আগের লোগো কখনো অফিসিয়ালি ব্যবহার করা হয়নি। গণমাধ্যমগুলো নিজেদের মতো করে প্রতীক ব্যবহার করত। এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক লোগো নির্ধারণের প্রক্রিয়া চলছে। দলীয় সূত্র বলছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করা হবে।