গণকন্ঠ প্রতিবেদক

মোঃ রুহুল আমিন খান গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০১:০২ পিএম

অনলাইন সংস্করণ

#

জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত

ছবি সংগৃহীত

বরিশালের গৌরনদীতে জামিনে মুক্তি পাওয়ায় বাড়ি ফেরার পথে কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সৌদি প্রবাসী। নিহত শফিকুল ইসলাম (৪১) বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন।

সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক এর বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শফিকুল ইসলাম গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের হাচেন বেপারির ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।


আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের একটি পারিবারিক মামলায় তাকে সকালে বরিশালের আদালতে হাজির করা হয়। আদালত জামিন মঞ্জুর করলে তিনি কোর্ট গারদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।


গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত তিনজন আহত হন।


নিহতদের মধ্যে শফিকুল ইসলামের পাশাপাশি তার প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৫৪) রয়েছেন।


দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান এবং নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।


বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়।


এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।