গণকন্ঠ প্রতিবেদক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০১:০৭ পিএম

অনলাইন সংস্করণ

#

ঝিকরগাছায় কৃষি কার্ড কার্যক্রমে ব্লক নির্ধারণে মতবিনিময় সভা

ছবি সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় কৃষকদের জন্য কৃষি স্মার্ট কার্ড তৈরির লক্ষ্যে তথ্য সংগ্রহ ও ব্লক নির্ধারণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

সভায় জানানো হয়, সারাদেশের ৯টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ঝিকরগাছা উপজেলায় কৃষি স্মার্ট কার্ড প্রদান করা হবে। প্রাথমিকভাবে পানিসারা ইউনিয়নের রাজাপুর ব্লকের সকল কৃষক এ কার্ড পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা ভর্তুকি, প্রণোদনা এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সুবিধা পাবেন। পর্যায়ক্রমে উপজেলার সব এলাকা এ কার্যক্রমের আওতায় আনা হবে। বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।



মতবিনিময় সভায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নান্নু রেজা বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ঝিকরগাছায় ১ হাজার ৬৭১ জন জেলে স্মার্ট কার্ড পেলেও অনেকে প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত রয়েছেন। হাওড় এলাকার জেলেরা সেবা পেলেও ঝিকরগাছার বিল, বাঁওড়, খাল ও নদীনির্ভর জেলেদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।



উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৪০০ জন কৃষককে বিভিন্ন সার ও বীজ প্রদান করা হবে। গত বছর উপজেলার ৮টি ইউনিয়নে ৮টি এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে। এ বছর পানিসারা, ঝিকরগাছা, নাভারন ও বাকড়া ইউনিয়নে আরও ৪টি মেশিন প্রদানের প্রস্তাব করা হয়েছে। কৃষকরা নিজ পছন্দমতো কোম্পানির মেশিন ক্রয় করতে পারবেন এবং সরকারের পক্ষ থেকে মেশিনের অর্থ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। একেকটি মেশিনে ৩০০ মণ পর্যন্ত শস্য সংরক্ষণ করা যায়। গত মৌসুমে ১২২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষে ভালো ফলন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 



আলোচনায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। বক্তারা কৃষকদের বিদ্যুৎ সমস্যার সমাধান এবং বিদ্যুৎ বিলের অতিরিক্ত ভ্যাট কমানোর দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাঁকড়া কৃষি গুদাম চালু ও পেয়াজ চাষের বিষয় গুরুত্ব পায়। সভায় ইউনিয়নভিত্তিক কৃষি কমিটি গঠনের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে প্রতিনিধিদের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করে তার সদস্য তালিকা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। জমাকৃত তালিকা যাচাই বাছাই শেষে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করে অনুমোদন প্রদান করা হবে। অনুমোদিত কমিটির মাধ্যমেই কৃষি কার্ড প্রদান, সার ও বীজ বিতরণসহ বিভিন্ন সরকারি কৃষি সহায়তা কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।



যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, প্রধানমন্ত্রী স্বচ্ছতার মাধ্যমে কাজ দেখতে চান এবং সে অনুযায়ীই কার্যক্রম পরিচালিত হবে। কৃষকদের বিদ্যুৎ বিলের ভ্যাট কমানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, কৃষি কার্ড প্রদানে কোনো দলীয় বিবেচনা নয় যোগ্য কৃষকরাই যেন এ সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।



সভায় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, ছাত্র প্রতিনিধি মোছাঃ আখি খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, গদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিস উর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা ও সাংবাদিক বৃন্দ।