মাজেদুল ইসলাম স্বপন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
নীলফামারীর জলঢাকা উপজেলায় দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় বিথী আক্তার (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালবেলা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় টেংগনমারী-মীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কালকেওট কাজিপাড়া গ্রামের বাসিন্দা বাবুল কাজীর মেয়ে বিথী প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে সড়কের বাম পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রাজু সরকার জানান, সড়ক পার হওয়ার সময় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই সড়কে ভারী যানবাহন প্রায়ই অতিরিক্ত গতিতে চলাচল করে।
স্কুলপড়ুয়া শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড বসানো এবং নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানান তারা।
এলাকাবাসীর মতে, যথাযথ নজরদারি ও গতিনিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।