জুয়েল আহমেদ (তারাগঞ্জ রংপুর)
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, "আমি আপনাদের নেতা নয়, খাদেম হিসেবে সেবা করতে এসেছি।" বুধবার তারাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়। সকাল থেকেই তিনি ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, শাহ্পাড়া, কামারপাড়া এবং ইকরচালী বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় সাধারণ মানুষের পক্ষ থেকে রাস্তাঘাট উন্নয়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কৃষি সহায়তার দাবি জানানো হয়।
এমপি আজহারুল ইসলাম জনগণের এসব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দিয়ে বলেন,"আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ আমাকে আপনাদের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।"
হাসপাতালে ঝটিকা সফর ও রোগীদের খোঁজখবর ও গণসংযোগ শেষে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিটি ওয়ার্ডে গিয়ে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার মান ও সুযোগ-সুবিধার খোঁজ নেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর সাথে হাসপাতালের অবকাঠামোগত সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্প্রীতির আহ্বান সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন। একটি সুশাসিত ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে এলাকার তরুণ ও প্রবীণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন।
রংপুর জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খান। উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
পুরো দিনটি ঘিরে তারাগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা।