প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে: আসিফ মাহমুদ
জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ
গণভোটের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নিজের ভেরিপায়েড ফেসবুক ওয়ালে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার দেওয়া পোস্টটিতে আসিফ লেখেন, আইন অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১-দলীয় জোট কোনো শপথ নেবে না। এটিকে গণভোটের জনরায়ের পরিপন্থী বলে আখ্যা দেন আসিফ।
তবে পরে অবশ্য ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে গণভোটের ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
তার আগে, এ দিন সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। কিন্তু সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিধান না থাকায় তাঁরা সেটি না করেই শপথকক্ষ ত্যাগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
#আরএ