অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:১৭ পিএম

অনলাইন সংস্করণ

#

জুলাই ঐক্যকে নিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

জুলাই ঐক্যকে নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও দৈনিক কালের কণ্ঠ-এর বিরুদ্ধে সংঘবদ্ধ মিথ্যাচারের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই ঐক্য।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ২৩ ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশিত ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামের এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাওয়ের প্রসঙ্গ তুলে বিভিন্ন সংগঠনকে ‘রাতারাতি সৃষ্টি’ এবং একই ধরনের লোকজনের ভিন্ন ফোরাম বলে উল্লেখ করেন।

যদিও ওই সাক্ষাৎকারে সরাসরি জুলাই ঐক্যের নাম উল্লেখ করা হয়নি, তবে একই দিন পত্রিকাটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে জুলাই ঐক্যের নাম স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে বলে দাবি করা হয়। ভিডিওর একটি অংশে রাষ্ট্রপতিকে বলতে শোনা যায়— “২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন চারপাশ দিয়ে ঘেরাও হয়। হাসনাত আব্দুল্লাহর দল, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য-মৈক্য—এরা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপর উঠে পড়ে।”

জুলাই ঐক্যের দাবি, রাষ্ট্রপতি যে সময়ের ঘটনা উল্লেখ করেছেন তা ২৪ অক্টোবর ২০২৪। অথচ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে ৬ মে ২০২৫ সালে, অর্থাৎ উল্লিখিত ঘটনার প্রায় সাত মাস পর। ফলে ওই ঘটনার সঙ্গে জুলাই ঐক্যের সম্পৃক্ততার প্রশ্নটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি আরও জানায়, আত্মপ্রকাশের পর থেকে তারা কোনো অগণতান্ত্রিক কর্মসূচি পালন করেনি। চব্বিশের গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি এবং সংশ্লিষ্ট কর্মসূচির মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রপতির বক্তব্যে জুলাই ঐক্যকে একটি ‘মব’-এর সঙ্গে সম্পৃক্ত করার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা বাস্তবতার পরিপন্থী বলে দাবি করা হয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট সংবাদটি যথাযথ প্রেক্ষাপট ব্যতিরেকে প্রকাশ করা হয়েছে এবং এর মাধ্যমে সংগঠনটিকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের চেষ্টা হয়েছে।

জুলাই ঐক্য অবিলম্বে কালের কণ্ঠের ফেসবুক পেজ, ইউটিউবসহ অন্যান্য মাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিও ও সংবাদ প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে। অন্যথায় পত্রিকাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এছাড়া ৬ মে ২০২৫ সালে আত্মপ্রকাশ করা সংগঠনটিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় রাষ্ট্রপতির আনুষ্ঠানিক স্পষ্টীকরণও প্রত্যাশা করা হয়েছে। বিষয়টি নিয়ে গণভবনের প্রেস উইংয়ের দৃষ্টি আকর্ষণ করেছে জুলাই ঐক্য।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত নীতি ও তথ্যের স্বচ্ছতার ভিত্তিতে বিষয়টির সমাধান হবে।