সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি।
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় ৩ পুলিশসহ আহত হয়েছে অন্তত ৮ জন।
শুক্রবার বেলা ১২ টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। এরমধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নেতাকর্মীরা জানায়, শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খানের পরাজিত হওয়ার কারণ নিয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল।
এ সময় সভায় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে ভোট করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা থানার মধ্যে ঢুকে পড়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয় ৩ পুলিশ সদস্য। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে তারা থানায় ঢুকে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।