গণকন্ঠ প্রতিবেদক

গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে এশিয়ান হাইওয়েতে ট্রাক ও মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের গলান (দর্জিবাড়ি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলো—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জিন্দা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) এবং একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)। তারা সম্পর্কে প্রতিবেশী ও বন্ধু বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে একটি নম্বরবিহীন আরটিআর (RTR) মোটরসাইকেলে চড়ে নওশের ও মিহাদ এশিয়ান হাইওয়ে দিয়ে যাচ্ছিল। এসময় দর্জিবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-১১৮৬) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে তারা দুজনেই গুরুতর আহত হয়।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে হাইওয়ে কাঞ্চন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।