গণকন্ঠ প্রতিবেদক

নারায়ন চন্দ্র রায়, খানসামা দিনাজপুর প্রতিনিধি:

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৭:০৩ পিএম

অনলাইন সংস্করণ

#

খানসামা উপজেলা-এ ‘ওপেন হাউজ ডে–২০২৬’ পুলিশ-জনতার আস্থা জোরদারে উদ্যোগ

ছবি সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলা-এ পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে খানসামা থানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মেহেদী হাসান।


রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের অংশগ্রহণ


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।

এছাড়াও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনিছুর রহমান ও সেক্রেটারি সামিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ ইসলাম সেলিম বুলবুল, বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইয়াছিন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।


সামাজিক অপরাধ দমনে যৌথ উদ্যোগের আহ্বান


উন্মুক্ত আলোচনায় বক্তারা মাদক, জুয়া, চুরি, কিশোর গ্যাংসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার চিত্র তুলে ধরেন। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং সাধারণ মানুষের সচেতনতা, তথ্য প্রদান ও সক্রিয় সহযোগিতাই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার।


‘পুলিশ জনগণের সেবক’

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন,

“পুলিশ জনগণের সেবক। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ সমাজ গঠনে জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করতে এ ধরনের ওপেন হাউজ ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও জানান, জনগণের অভিযোগ, পরামর্শ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।


উন্মুক্ত মতবিনিময় ও আশ্বাস অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।


স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পুলিশ-জনতার দূরত্ব কমিয়ে একটি নিরাপদ ও সহনশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।