নারায়ণ চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এমন পদক্ষেপে সচেতন মহলে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়গঞ্জের ডাঙাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। অভিযানকালে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—মনতাজ আলীর ছেলে মামুন ইসলাম (২৪), ছলেমান ইসলামের ছেলে মাহফুজ ইসলাম (২১), চয়ন আলীর ছেলে ফারুক হোসেন (৩৩), নজরুল ইসলামের ছেলে নজিমুল ইসলাম (৩০), সলিক দাসের ছেলে কাঞ্চন দাস (২৫) এবং আব্দুল কাদেরের ছেলে ফারুক ইসলাম (৩৬)। পরে ভ্রাম্যমাণ আদালত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, ভাঙন বৃদ্ধি এবং কৃষিজমি হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরিবেশবিদরা বলছেন, এভাবে নির্বিচারে বালু উত্তোলন চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন মহল। মনে করছে, নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকলে অবৈধ বালু ব্যবসা বন্ধ করা সম্ভব হবে। পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানানিয়েছে।