নারায়ন চন্দ্র রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
দিনাজপুরের খানসামা উপজেলায় এক ভ্যানচালককে নেশাজাতীয় পদার্থ খাইয়ে ভ্যান, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর নাম সুধীর চন্দ্র রায় (৫০)। তিনি উপজেলার মানিকগঞ্জ বাজারের তাতিপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক।
জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে পাকেরহাট থেকে রামকলা যাওয়ার পথে রামকলা বাজারের আগে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক দুইজন তরুণ বয়সী ব্যক্তি কৌশলে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে ফেলে। পরে দুর্বৃত্তরা তার ভ্যান, নগদ টাকা, মোবাইলসহ সঙ্গে থাকা সবকিছু নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় ইফতারের মুহূর্ত হওয়ায় আশপাশে লোকজনের উপস্থিতি কম ছিল বলে জানা গেছে। ফলে দুর্বৃত্তরা সহজেই ঘটনাটি ঘটিয়ে দ্রুত সটকে পড়ে।
বর্তমানে সুধীর চন্দ্র রায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনো নেশার প্রভাব পুরোপুরি কাটেনি। নেশার ঘোর কেটে গেলে তিনি বিস্তারিত তথ্য দিতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের সদস্যরা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে ইফতারের সময় ফাঁকা সড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।