ফাহিম ইসলাম, খুলনা প্রতিনিধি।
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২৩ এএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
খুলনা নগরীর কৈয়া বাজার এলাকা থেকে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মিলন মাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, খুলনায় উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর কৈয়া বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে হরিণটানা থানার এসআই রাসেল হোসাইন ইয়াবাসহ তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে কৈয়া বাজারের সামনে চেকপোস্ট বসানো হয়।
দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মিলন মালের আচরণ সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, ব্যাগে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা রয়েছে।
আটক মো. মিলন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, খুলনায় এত বড় ইয়াবার চালান আগে কখনো ধরা পড়েনি। আটক মিলনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।